বাংলাদেশের স্বাদুপানির বিশালাকৃতির মাছের মধ্যে দেশী পাঙ্গাস অন্যতম। এর বৈজ্ঞানীক নাম Pangasius pangasius. রাজশাহী শহরের সাহেব বাজার মাছের বাজারে ১২ থেকে ১৫ কেজি ওজনের দেশী পাঙ্গাস লক্ষ্য করা গেছে। বর্তমানে রাজশাহী শহরের পাশ দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে জাল ও তাগি ব্যবহার করে ব্যাপকহারে দেশী পাঙ্গাসের পোনা নিধন করা হচ্ছে যাদের আকার ৫ থেকে ১০ সেন্টিমিটারের মধ্যে। শহরের মতিহারের জাহাজঘাট এলাকায় গিয়ে দেখা যায় নদীর পাড় দিয়ে সারি বেধে ছোট-বড় নানান বয়সের মানুষ জাল ও তাগি ব্যবহার করে মাছ ধরছে এবং ধৃত মাছের অধিকাংশই দেশী পাঙ্গাসের পোনা। তাগি ব্যবহার করে একজন দৈনিক প্রায় ৭০-১০০ টি পোনা পাঙ্গাস শিকার করছে। বর্তমানে জাহাজঘাট এলাকার প্রায় অর্ধ-কিলোমিটার এলাকাতেই প্রায় ৫০-৬০ জন মাছশিকারী প্রতিদিনই তাগির সাহায্যে মাছ ধরছে শুধুমাত্র শখের বশে বা বাড়িতে খাবার উদ্দেশ্যে। একই অবস্থা লক্ষ্য করা যায় আশেপাশের অন্যান্য এলাকাতেও। এ ব্যাপারে মৎস্যশিকারীদের সাথে কথা বলে দেখা গেছে যে তাদের মধ্যে পোনা মাছ ধরা সম্পর্কিত সচেতনতার অভাব রয়েছে। উক্ত এলাকায় সরকারী বা বেসরকারী উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি বা পোনা মাছ নিধন বিষয়ে কোন কার্যক্রম লক্ষ্য করা যায় নি।
________________________________________________________
সরেজমিন পর্যবেক্ষনের তারিখ: অক্টোবর ২৩, ২০০৯
তাগি: বরশিযুক্ত এক ধরনের মাছ ধরার সরঞ্জাম যা সাধারণত লম্বা সূতার সাহায্যে জলাশয়ের অভ্যন্তরে ছুড়ে দেয়া হয় এবং বরশি সংলগ্ন সূতার সাথে একটি ডুবক (Sinker/weight) যুক্ত থাকে যা বরশিকে পানির নীচে ডুবতে সাহায্য করে।


(1 ভোট)

বাংলাদেশে মাছের যেসব প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে তার মধ্যে দেশী পাঙ্গাস অন্যতম। সেই দৃষ্টিকোন থেকে এই খবরটি খুবই উদ্বেগজনক। এর ক্ষতিকর দিকটি সহজভাবে তুলে ধরে পোনা পাঙ্গাস শিকারীদের পোনা শিকার বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ যেমন ইলেক্ট্রোনিক মিডিয়াসহ অন্যান্য মাধ্যম যেমন মাইকিং, পোষ্টারিং ইত্যাদির মাধ্যমে প্রচারনা চালানো প্রয়োজন। এর পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ ও জনপ্রতিনিধিদের পোনা শিকার বিরোধী কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যাতে করে এখনই ব্যাপকভাবে পোনা পাঙ্গাস নিধনের মতো ক্ষতিকর কাজ বন্ধ করা যায়।